বগুড়ার দুই সংসদ সদস্য কোদাল-বেলচা হাতে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছেন। নিজেদের কাঁধে ঢোল, মশা নিধনের ফগার মেশিনে কীটনাশক স্প্রে করাসহ সচেতনতা বাড়ানোর প্রচারণা চালাচ্ছেন। জনস্বার্থে তৎপর কর্মকান্ডের ইতিবাচক প্রশংসা কুড়াচ্ছেন দুই জনপ্রতিনিধি।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়ায় তিন মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়।
সিটি কর্পোরেশনের চারমাথা এলাকায় বেলচা হাতে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি একযোগে সচেতনতামূলক কার্যক্রম চলছে।
একইদিন, নন্দীগ্রাম পৌর শহরে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
জনপ্রতিনিধিরা জানান, নাগরিকদের বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, দীর্ঘদিন জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টবসহ অন্যান্য স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাগিদ দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সরকারি বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে কর্মসূচি শুরু হয়েছে।
বগুড়ার চারমাথা এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, স্কাউট সদস্য, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
নন্দীগ্রাম পৌরসভার কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (পৌরসভা প্রশাসক) শারমিন আরা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার তারিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌরসভার সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, পৌরসভার নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল।
আজকালের খবর/বিএস