নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালন করা হয়। ওই শুভ জন্মাষ্টমী উৎসবটি বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিলিত হয়ে পালন করেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দিনটি পালন করছে। তাদের বিশ্বাস অনুযায়ী, এদিন ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণের জন্ম হয়।
অত্যাচারী ও দুর্জনের হাত থেকে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে তাঁর আবির্ভাব ঘটে। শিষ্টের পালন এবং দুষ্টের দমন ছিল তাঁর অন্যতম ব্রত। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি ভগবানের আসনে অধিষ্ঠিত বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস। শুভ জন্মাষ্টমী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেলিম কার্ণায়েন।
এ শুভ জন্মাষ্টমীতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মোহনগঞ্জ উপজেলার সভাপতি মিহির গোস্বামী, সাধারণ সম্পাদক মধু গোস্বামী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মোহনগঞ্জ উপজেলার সভাপতি অমল সরকার, সাধারণ সম্পাদক বিমল পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলার সভাপতি নিবারণ সাহা, সহ-সভাপতি বিপ্লব কুমার রায়, সাধারণ সম্পাদক গৌতম রায়, সহ-সাধারণ সম্পাদক বিলাস বণিক, বিকাশ দাস, পৌর শাখার সভাপতি দীপক বণিক, সাধারণ সম্পাদক অখিল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/এমকে