লক্ষ্মীপুরে অটোরিকশার যাত্রী এক গৃহবধূকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অটোরিকশা চালক তাজ উদ্দিনের বিরুদ্ধে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করে পুলিশে দেয়। অভিযুক্ত তাজ উদ্দিন একই এলাকার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী গৃহবধূ পার্শ্ববর্তী কালিরচর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী গৃহবধূ ও স্থানীয়রা জানায়, ৮ মাস আগে মেয়েটির বিয়ে হয়। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে সে। বুধবার ভোর বেলায় গৃহবধূ তার মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর চলে আসে। দুপুরে পুনরায় বাড়ি ফিরতে গিয়ে পথ ভুলে যায়। তখন অটোরিকশা চালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দিবে বলে অটোরিকশায় উঠিয়ে নেয়। ঘটনাস্থলে নিয়ে জোরপূর্বক মেয়েটিকে টেনে হিঁচড়ে অটোরিকশা থেকে নামিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে তাজ উদ্দিন।
পরে মেয়েটিকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। সেই সাথে ভুক্তভোগী কিশোরী গৃহবধূকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়ার জন্য হেফাজতে নেয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজকালের খবর/বিএস