গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় অনুমতি ছাড়া বিড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২ লক্ষ টাকার বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাতইল ইউনিয়নের শঙ্করপাশা গ্রামে সাহিদ শেখের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা।
অভিযানকালে সেখানে অবৈধভাবে বিড়ি তৈরি ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এসময় সাহিদ শেখের স্ত্রী সাকিরা বেগম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন। পরে কারখানায় মজুদ থাকা প্রায় ২ লক্ষ টাকা মূল্যের "সজিব বিড়ি" জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত বিড়ির মোড়কে ফ্যাক্টরির ঠিকানা হিসেবে "রঘুনাথপুর, কালিয়া, নড়াইল" এবং ভ্যাট নম্বর ০০৩৯১০৭৬২-০৯০৭ লেখা ছিল বলে প্রশাসন জানিয়েছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা বলেন, সরকারের অনুমতি ছাড়া তামাকজাত পণ্য উৎপাদন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে গোপনে বিড়ি তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
আজকালের খবর/বিএস