মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
গৌরীপুরে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে লাশ রেখে উধাও স্বামী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ০)
ময়মনসিংহের গৌরীপুরে বিষপানে অসুস্থ লিপি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী রাসেল মিয়া। সেখানে স্ত্রীর মৃত্যুর পর লাশ হাসপাতালে রেখেই তিনি চলে যান বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, তাঁকে জোর করে বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যা করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে স্বামীর পরিবার।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. জাহরা হোসাইনী আনিন জানান, লিপিকে হাসপাতালে আনার পর বিষক্রিয়ার চিকিৎসা হিসেবে পাকস্থলী পরিষ্কারের (ওয়াশ) চেষ্টা করা হচ্ছিল। তবে এর আগেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাসপাতালে যান। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিহত লিপি আক্তার উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামের মো. মতি মিয়ার মেয়ে। প্রায় ১৮ বছর আগে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ফুলহর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

নিহতের মা নাজমা আক্তারের অভিযোগ, মোটরসাইকেলের কিস্তির টাকা নিয়ে তাঁর মেয়েকে নির্যাতন করা হচ্ছিল। এ কারণে লিপিকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে মোটরসাইকেলের কিস্তির জন্য পাঁচ হাজার টাকা ও এক বস্তা চাল দিয়ে তাঁকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়।

নাজমা আক্তার বলেন, রাত ৩টার দিকে বাড়িতে ফিরে ভাত বিড়ালে ফেলে দেওয়ার বিষয়টি নিয়ে লিপির সঙ্গে তাঁর স্বামীর বিরোধ হয়। একপর্যায়ে তাঁর মেয়ের মুখে মাছ মারার বিষাক্ত ট্যাবলেট জোর করে খাইয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

নিহতের বোন পপি আক্তারও দাবি করেন, তাঁর বোনকে বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে লিপি তাঁকে বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

তবে রাসেলের পরিবারের সদস্যরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, পরিবারে দ্বন্দ্ব ও কথা-কাটাকাটি হলেও লিপিকে নির্যাতন কিংবা জোর করে বিষাক্ত ট্যাবলেট খাওয়ানোর অভিযোগ সত্য নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft