মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
আদমদীঘিতে ২৮ বছরের পথ বন্ধের অবসান, স্বস্তিতে ৪০ পরিবার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ০)
বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ উন্মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে স্বস্তি ফিরেছে ওই পথ ব্যবহারকারী প্রায় ৪০টি পরিবারের সদস্যদের মধ্যে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লায় হাসপাতালের পূর্ব পাশের এলাকায় সরেজমিনে পরিদর্শন করে পথটি খুলে দেওয়ার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ভোরে আব্দুল হাকিমের ছেলেরা জিআই তারের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। রাস্তার জায়গায় ওই পরিবারের কয়েকটি গাছ থাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক জায়গাটি মাপজোখ করে রাস্তার স্থান নির্ধারণ করেন এবং গাছ অপসারণের নির্দেশ দেন। তবে গাছ কাটার জন্য সময় চাওয়ার পরও বিরোধের সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। একপর্যায়ে কাঁটাতারের বেড়া দিয়ে পথটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

এতে ভোগান্তিতে পড়েন ওই পথ ব্যবহারকারী প্রায় ৪০টি পরিবারের সদস্যরা। এ অবস্থায় গত ২ সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। সংসদ সদস্য অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠান।

পরে গত ১ ও ২ অক্টোবর বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে পথটি বন্ধ থাকার কারণে স্থানীয়দের দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এরই ধারাবাহিকতায় সোমবার সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে অবরুদ্ধ পথটি খুলে দেওয়া হয়।

দীর্ঘদিনের ব্যবহৃত পথ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জনসাধারণের চলাচলের দুর্ভোগ নিরসনে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, “স্থানীয় ৪০টি পরিবারের দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ নিরসনে জনস্বার্থ বিবেচনায় পথটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগও ছিল। শিগগিরই রাস্তার পূর্ণাঙ্গ মাপজোখ সম্পন্ন করে পথচারীদের চলাচলের উপযোগী করতে সংস্কারকাজ করা হবে।”

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft