মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
বিরামপুরে ৭০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরির মেলা উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৩)
বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও চাকরি প্রাপ্তির ভোগান্তি কমাতে দিনাজপুরের বিরামপুরে শুরু হয়েছে দিনব্যাপী চাকরির মেলা বা জব ফেয়ার। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। মেলায় জাতীয় পর্যায়ের প্রায় ৭০টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আয়োজকেরা জানান, সাধারণত রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে চাকরির মেলার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে এমন আয়োজন বিরামপুরে এই প্রথম। উত্তরাঞ্চলের চাকরিপ্রার্থীদের চাকরির সাক্ষাৎকার ও পরীক্ষায় অংশ নিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। এতে তাঁদের অর্থ ও সময় ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হতে হয়। এসব সমস্যা কমিয়ে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় বিরামপুর সরকারি কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতারা অংশ নিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী জনবল বাছাইয়ের সুযোগ পাচ্ছেন।

মেলায় অংশ নিতে আসা কয়েকজন চাকরিপ্রার্থী বলেন, জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো বিরামপুরে এসে চাকরির সুযোগ দিচ্ছে—এ খবর তাঁদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাঁদের মতো বেকার তরুণদের জন্য এ আয়োজন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তাঁরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মেলায় এসেছেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজুয়ানুল হক, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft