বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা ও নিষিদ্ধ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে দুই মাছ ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ৯টি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—নন্দীগ্রাম উপজেলার শহরকুড়ি গ্রামের ফজের আলীর ছেলে সাকিব হোসেন এবং তেঘরী গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মোফাজ্জল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
আজকালের খবর/কাওছার আল হাবীব