নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা এবং তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সহকারী শিক্ষক ঝুটন চৌধুরী তথ্য সংগ্রহের সময় দৈনিক পত্রিকার স্থানীয় এক প্রতিনিধির হাত থেকে বলপূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং সাংবাদিকদের সাথে অত্যন্ত আশোভন আচরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা ও খালিয়াজুরী উপজেলার কয়েকজন গণমাধ্যমকর্মী প্রধান শিক্ষক শুক্লা রানী রায়ের অনুমতি নিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রমের তথ্য এবং ভিডিও চিত্র ধারণ করছিলেন। এ সময় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মধ্যাহ্নভোজের খাবারের অনিয়ম নিয়ে কথা বলতে গেলে পাশে থাকা সহকারী শিক্ষক ঝুটন চৌধুরী ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন। পরে উপস্থিত অন্য সাংবাদিকেরা জোড়াজুড়ি করে ফোনটি উদ্ধার করেন।
ঘটনার সময় শিক্ষক ঝুটন চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমার অনুমতি ছাড়া আপনারা ভিডিও করতে পারবেন না। এই বিদ্যালয়ে দেশের প্রধানমন্ত্রী আসলেও আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে, কারণ আমি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।" পরে তিনি ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে পুলিশ ডাকার পরামর্শ দেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধান শিক্ষক শুক্লা রানী রায় বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আমার অনুমতি নেওয়ার পর অন্য কোনো শিক্ষকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর এহেন আচরণের জন্য আমি গভীরভাবে লজ্জিত ও দুঃখপ্রকাশ করছি।"
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জুয়েল চৌধুরী জানান, সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
খালিয়াজুরী উপজেলা শিক্ষা অফিসার মো. আজিমেল কদর বলেন, "সাংবাদিকদের কাজে বাধা দেওয়া ও অসংবেদনশীল আচরণ করা গুরুতর আচরণবিধি লঙ্ঘন। আমি ঘটনার তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।"
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকেরা উক্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব