বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগদান ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান মিসেস মাম্যাচিং এবং পরিষদের সদস্যরা যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, জেলা পরিষদের ন্যস্ত বিভাগের কর্মকর্তারা এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং বলেন,,“বান্দরবান পার্বত্য জেলার মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। পরিষদের সকল সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া হবে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।
তিনি আরও বলেন, বান্দরবানের উন্নয়ন ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। দল-মত ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে জেলার মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে চাই। নতুন পরিষদের মাধ্যমে বান্দরবানের সামগ্রিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।”
এর আগে, গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মিসেস মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়। নতুন পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
আজকালের খবর/কাওছার আল হাবীব