রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
নাটোরে এসএস ফিডের নতুন প্ল্যান্ট চালু, দৈনিক উৎপাদন সক্ষমতা ১০০ টন
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ০)
নাটোরে এসএস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন ফ্লোটিং ফিশ ফিড, ক্যাটল ও পোলট্রি ফিড প্ল্যান্ট চালু হয়েছে। নতুন এ প্ল্যান্টে দৈনিক ১০০ মেট্রিক টন ফিড উৎপাদনের সক্ষমতা রয়েছে। বছরে ৩৬ হাজার ৫০০ মেট্রিক টন। এছাড়া নতুন ও পুরাতন প্লান্ট মিলে বছরে প্রায় ৭০ হাজার মেট্রিক টন ফিড উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। নতুন প্ল্যান্ট চালুর ফলে প্রতিষ্ঠানটিতে আরও ৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে প্রতিষ্ঠানটির মোট শ্রমিক-কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জনে। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলার হুগোলবাড়ীয়ায় প্রতিষ্ঠানের নিজস্ব কারখানা প্রাঙ্গণে নতুন প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামাল উদ্দীন। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সানরাইজ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের চেয়ারম্যান ড. এফ. আর. রবিন, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান, এসএস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক (অর্থ) মো. জহিরুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাদিকুল ইসলাম এবং প্ল্যান্টের জেনারেল ম্যানেজার কল্যাণ বাবু প্রমুখ। 

এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উৎপাদন সম্প্রসারণ, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, নতুন প্ল্যান্ট চালুর মাধ্যমে মাছ, গবাদিপশু ও পোলট্রি খাতের জন্য মানসম্মত ফিড উৎপাদনে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়বে। পাশাপাশি খামারিদের চাহিদা পূরণ, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উন্নয়ন এবং ফিডশিল্পের বিকাশে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসএস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দীন বলেন, ২০১৮ সালে প্রাথমিকভাবে ১০০ জন শ্রমিক-কর্মচারী নিয়ে ফিডমিলটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানে ৪০০ জন শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। নতুন প্ল্যান্ট চালুর ফলে আরও ৫০ জনের কর্মসংস্থান হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির বর্তমান মোট শ্রমিক-কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জনে। তিনি বলেন, নতুন প্ল্যান্টে দৈনিক ১০০ মেট্রিক টন ফিড উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নতুন-পুরাতন মিলে প্রায় ৭০ হাজার মেট্রিক টন। এছাড়া ফিড তৈরির কাঁচামাল স্থানীয়ভাবে সংগ্রহ করার পাশাপাশি দেশের বাহির থেকে আমদানি করতে হয়। সারা দেশেই তাদের উৎপাদিত ফিড বাজারজাত করা হয়। কাঁচামাল ও ফিডের গুণগত মান নিয়ন্ত্রণ ও পরীক্ষার জন্য নিজস্ব ল্যাব রয়েছে। এছাড়া ফিডের মান নিয়ন্ত্রণ, পুষ্টিমান নিশ্চিতকরণ এবং সরকারী সংশ্লিষ্ট অনুমোদন ও সনদ রয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft