স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জুয়েল রানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক থাকবেন তিনি।
তিনি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ এর ৩ উপধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
সূত্র জানায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিলের মামলা দায়ের করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর মেয়র প্রার্থী হিসেবে তাকে জয়ী হিসেবে ঘোষণা করে রায় দেন আদালত।
আজকালের খবর/বিএস