সমুদ্রে অবৈধ ট্রলিং ট্রলারের অবাধ চলাচল বন্ধ না হলে শুধু দেশের অর্থনীতি বা মৎস্যসম্পদের ক্ষতি নয়, এর প্রভাব রাজনীতি ও নির্বাচনেও পড়তে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
রবিবার (২৩ আগস্ট) পটুয়াখালীর উপকূলাঞ্চলীয় মৎস্য বন্দর মহিপুরে ‘নৌযান শুমারি-২০২৬’ পরিদর্শন শেষে স্থানীয় জেলে, ট্রলার মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ট্রলিং ট্রলারের মতো অনিয়মের অভিযোগের তীর দিনশেষে রাজনৈতিক দলগুলোর দিকেই আসে। ট্রলিং বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি এবং সর্বোপরি ভোটের ক্ষতি হতে পারে। সামনে বেশ কয়েকটি স্থানীয় সরকারের নির্বাচন রয়েছে। জেলেদের ক্ষতি করে তাদের কাছে ভোট চাইতে যাওয়া কঠিন হয়ে পড়বে উল্লেখ করে তিনি জেলেদের অনুভূতিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলেরা মহিপুর এলাকার দীর্ঘদিনের নাব্য সংকট, বৈরী আবহাওয়ায় সমুদ্রযাত্রার নিরাপত্তা ও মাছ ধরার নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জানান, জেলেদের ট্রলার চলাচল সুগম করতে খাপড়াভাঙা নদীতে ড্রেজিং করা হবে এবং সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি লাইটিং হাউজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সভা শেষে প্রতিমন্ত্রী খাপড়াভাঙা নদী ও মাছ ধরার ট্রলার পরিদর্শন করেন। এ সময় তিনি জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার গ্রহণ করেন এবং তাদের জীবনযাপনের বাস্তব অভিজ্ঞতার কথা শুনেন।
উল্লেখ্য, সারাদেশে নৌযানের সমন্বিত ডাটাবেজ তৈরির লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তরের ‘নৌযানের ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ‘নৌযান শুমারি-২০২৬’ পরিচালিত হচ্ছে।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে পায়রা বন্দরের সদস্য কমোডর তারেক, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ স্থানীয় মৎস্য আড়ত মালিক সমিতি ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব