শেরপুরের ঝিনাইগাতীতে স্বামীর ভোগদখলীয় জমি দখল, এক লাখ টাকা চাঁদা দাবি, মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোছা. লাভলী খাতুন (৩৮) নামে এক বিধবা নারী। ঘটনাটিতে প্রতিকার চেয়ে তিনি ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
রবিবার (১৬ আগস্ট) রাতে ঝিনাইগাতী সদর বাজারের ব্রিজপাড় এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী লাভলী খাতুন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলার লয়খা গ্রামের রফিকুল ইসলাম (৪০) ও ছানোয়ার হোসেন ওরফে পেইটকে (৩৫) দীর্ঘদিন ধরে তার স্বামীর ক্রয়কৃত জমি অন্যায়ভাবে দখল করে রেখেছেন। স্বামীর মৃত্যুর পর জমিটি ছেড়ে দিতে বললে অভিযুক্তরা তাকে ও তার সন্তানদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে লাভলী খাতুন জানান, গত ১৬ আগস্ট দুপুরে তিনি ওই বিতর্কিত জমিতে ধানের চারা রোপণ করতে যান। এ সময় অভিযুক্তরা তাকে বাধা দেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় এবং তার গলায় থাকা আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, তার চিৎকার শুনে সন্তানরা বাঁচাতে এগিয়ে এলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। এমনকি ঘটনার পর বিষয়টি জানতে যাওয়ার পথে লয়খা বাজার এলাকায় তার মেয়ের জামাইসহ আরও দুই সাক্ষীকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে অভিযুক্তরা। পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ভুক্তভোগী লাভলী খাতুন বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বারবার গিয়েও কোনো প্রতিকার না পেয়ে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সুবিচারের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম নুর মোহাম্মদ বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আজকালের খবর/কাওছার আল হাবীব