রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
লালমনিরহাটে ৬ অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ৮
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২৮৭)
লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৬ সদস্য এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাতে সদর উপজেলা ও কালীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামে অভিযান চালায়। সেখানে মিনার রহমান নামে এক ব্যক্তির শয়নকক্ষে অনলাইন জুয়া খেলা ও অবৈধ আর্থিক লেনদেন চলাকালীন ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন: হাবিবুর রহমান (২১), মেহেদী হাসান মুন্না (২২), আসাদুল হাবিব (৩৫), আপেল ইসলাম (২২), লিমন ইসলাম (২২) ও জাহিদুল ইসলাম (২৮)। তাদের সবার বাড়ি লালমনিরহাট সদরের বিভিন্ন গ্রামে। অভিযানকালে তাদের কাছ থেকে ৫টি স্মার্টফোন এবং ১০টি সিম কার্ড জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত মোবাইলে 'বাইন্যান্স' (Binance)-সহ ৩০টিরও বেশি অনলাইন জুয়ার অ্যাপ ও সাইটের মাধ্যমে অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই রাতে পৃথক অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রতিপুর গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ মিনার রহমান (৪০) এবং কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর থেকে ১ কেজি গাঁজাসহ সরুজ আলী (৪০) নামে অন্য একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। 

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন কবির বলেন, "জেলায় মাদক এবং অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনলাইন জুয়া বন্ধে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।"

আজকালের খবর/কাওছার









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft