রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
ওটিপি ও ভুয়া এসএমএস প্রতারণা: মাগুরা থেকে গ্রেপ্তার ৩
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৩৭৭)
​মোবাইলে ওটিপি (OTP) ও ভুয়া এসএমএস পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

আজ মঙ্গলবার ( ৭ এপ্রিল) দুপুরে এল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মাগুরার শ্রীপুর থানার হোলডাঙ্গা এলাকার মোঃ রুবেল বিশ্বাস (২৮), চর মহেশপুর এলাকার ইউসুফ মোল্লা (৫০) ও তার ছেলে বিদেশ ফেরত যুবক মোঃ টিটু মোল্লা (৩০)। 

পুলিশ জানায়, আদিতমারী থানার বাসিন্দা মোঃ আরিফুল ইসলামের বিকাশ ও নগদ একাউন্ট থেকে কৌশলে ওটিপি হাতিয়ে নিয়ে প্রায় ৮৫ হাজার টাকা আত্মসাৎ করে একটি চক্র। এ ঘটনায় গত বছরের ১৬ নভেম্বর আদিতমারী থানায় মামলা (নং-১৬) দায়ের করেন আরিফুল। মামলাটির তদন্তভার পায় জেলা ডিবি পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করে মাগুরায় অভিযান চালায় ডিবির একটি চৌকস টিম। 

গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ৫টি সিম কার্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রুবেল বিশ্বাস স্বীকার করেন, ফোন কলে ভয়ভীতি দেখিয়ে ওটিপি সংগ্রহ ও ভুয়া এসএমএস ফরোয়ার্ড করে টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল কাজ। 

অন্যদিকে, টিটু মোল্লা বিদেশ থেকে ফিরে অধিক লাভের আশায় এই চক্রে জড়িয়ে পড়েন। 

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রতারণা করে আসছিল। তাদের গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft