বুধবার (২৬ ফেব্রুয়ারি) সপ্তম রোজায় কক্সবাজারের টেকনাফের প্রধান বাজার ঘুরে দেখা গেছে, কেউ কাঁচা বাজার কিনতে আসছেন, আবার কেউ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহ করছেন। তবে ক্রেতাদের অভিযোগ বাজারে দিন দিন বেড়েই চলেছে পণ্যের দাম।
বাজার ঘুরে জানা গেছে, কাঁচা মরিচ, বেগুন, শসা, লেবু ও গাজরের দাম তুলনামূলক বেশি। আগের সময়ের তুলনায় এসব পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ছোলা, খেজুর, চিনি, চাল-ডাল ও ভোজ্যতেলের দামও বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে অনেক ব্যবসায়ী সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তবে তাদের দাবি, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও বাড়তি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে।
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, প্রতিবছর রমজান এলেই একটি অসাধু সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। অতিরিক্ত লাভের আশায় এক শ্রেণির ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন বলে দাবি তাদের।
এ বিষয়ে বাজার মনিটরিং শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সব মিলিয়ে রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও দামের অস্থিরতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এ অবস্থায় দ্রুত ও কার্যকর বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ক্রেতারা।
কাওছার আল হাবীব/আজকালের খবর