বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
টেকনাফে এবার আশার ব্যালটে বুলেটের ভয়
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৭২৪)
কক্সবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা টেকনাফ। একদিকে নাফ নদী ও তার সঙ্গে সংলগ্ন বঙ্গোপসাগর, অন্যদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়। এই পাহাড়ঘেঁষা এলাকাতেই গড়ে উঠেছে রোহিঙ্গা শরণার্থী শিবির। আর এসব শিবিরকে কেন্দ্র করে সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী।

বর্তমানে এই জনপদেও সারাদেশের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এবারের নির্বাচনে উখিয়া–টেকনাফ (কক্সবাজার–৪) আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাঁচজন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী শাহাজাহান চৌধুরী এবং জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী।

বিশেষভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রসমূহ- হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়, ঝিমংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্নীলা ইউনিয়ন–পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুচামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঙ্গিখালী দারুল উলুম বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাদীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টেকনাফ সদর– পল্লান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাবরাং ইউনিয়ন– কাটাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র। বাহারছড়া ইউনিয়ন– জাহাজপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টেকনাফ পৌরসভা–চৌধুরী পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

জানা গেছে, সীমান্তবর্তী আসন হওয়ায় এই এলাকায় দীর্ঘদিন ধরেই নানা ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। সম্প্রতি অপরাধীচক্রগুলো রাজনৈতিক আশ্রয় ও প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন প্রার্থীর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা জানান দেওয়ার চেষ্টা করছে। ফলে অপরাধ ও রাজনীতির মধ্যে এক ধরনের অস্বস্তিকর সংযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এবারের নির্বাচনে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গড়ে ওঠা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহারের আশঙ্কাও প্রকাশ পাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে। তারা শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা প্রত্যাশা করছে। পাশাপাশি এখানকার অনেক মানুষ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের এখন রাজনৈতিক ব্যানারে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে জানান। 

তারা আরও জানান, এসব ব্যক্তির বেপরোয়া কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ নিজেদের স্বাধীন মত প্রকাশ করতে পারছে না। পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতেও হিমশিম খেতে হচ্ছে, কারণ সর্বত্রই ভয়ের পরিবেশ বিরাজ করছে। এর ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা বলেন, সাধারণত দলীয় কর্মসূচিতে আগত প্রত্যেক ব্যক্তির অতীত যাচাই করা সব সময় সম্ভব হয় না। এত বড় দলে কতরকমের নেতাকর্মী রয়েছে তা আমাদের ধারণার বাইরে। তবে আমরা সর্বদা দলের পক্ষ থেকে অপরাধীদের কোনো ধরনের আশ্রয়–প্রশ্রয় দেওয়া হয় না বলে দাবি করেন।

অন্যদিকে প্রশাসনের বরাতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপরাধী চক্র সক্রিয় হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় বলে তিনি উল্লেখ করেন।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft