বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
টেকনাফে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় মারধর
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ৬৭০)
টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে একটি অসাধু চক্রের বিরুদ্ধে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই তারা রাতের আঁধারে, ভোর কিংবা দিনের বেলায় মাটি কেটে তা বিক্রি করে আসছে।

অভিযোগ রয়েছে, এসব অবৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় এই এলাকার স্থানীয় বাসিন্দা আবুল বশর নামের এক ব্যক্তিকে মারধর করে গুরুতরভাবে আহত করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি স্তর কর্তন করা কিংবা জমির রেকর্ডভুক্ত মালিকের অনুমতি ছাড়া বালু বা মাটি দিয়ে জমি ভরাট করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি ও নির্দেশদাতাকে অনধিক দুই বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যমান আইন-কানুনের তোয়াক্কা না করে প্রভাব বিস্তার করে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাতিয়ার ঘোনা এলাকার বাসিন্দা আমির হামজার ছেলে শাহ আলম, একই এলাকার ওয়াজেদ উদ্দিনের ছেলে নুসরাত আলী এবং একই ইউনিয়নের লম্বরী এলাকার আজিজুর রহমান (প্রকাশ) ঘেরার ছেলে হেলাল মিয়া।

এলাকাবাসী কালা মিয়া জানান, অভিযুক্তরা গত কয়েকদিন ধরে কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়াই মাটি উত্তোলন করে বিক্রি করছে। এতে করে এলাকার সড়ক ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও জানান, এসব অবৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় আবুল বশরকে গুরুতরভাবে আহত করা হয়েছে। বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত হেলাল মিয়া অভিযোগ আংশিকভাবে স্বীকার করে জানান, তিনি তার মালিকানাধীন একটি জমি থেকে মাটি কেটে অন্য একটি জমির পুকুর ভরাট করেছেন। তবে এ কাজে প্রশাসনের কোনো অনুমতি নেননি বলে তিনি স্বীকার করেন। মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে, অপর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় জানার সঙ্গে সঙ্গেই তারা ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

হামলায় আহত আবুল বশর জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। তার ছেলে ওই এলাকার সাবেক ইউপি সদস্য হওয়ায় এলাকায় অপরাধ দমনে তিনি সক্রিয় ভূমিকা রাখতেন। অবৈধ মাটি উত্তোলনে বাধা দেওয়ায় শাহ আলম ও হেলাল মিয়া তার ওপর হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করেছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন চৌধুরী বলেন, এ ধরনের অভিযোগ নিয়মিত আসছে। উক্ত বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য অবৈধভাবে মাটি উত্তোলন শুধু স্থানীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে না, বরং সড়ক ভেঙে পড়া, বন্যার পানি চলাচলে বাধা, জমির উর্বরতা হ্রাস ও ভূ-স্খলনের মতো সমস্যা সৃষ্টি করছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, প্রশাসনের সময়মতো পদক্ষেপ না নিলে এই ক্ষতি দীর্ঘমেয়াদে আরও বড় আকার ধারণ করবে।


কাওছার/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft