বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
নাফ নদীতে সশস্ত্র দাপট: আরাকান আর্মির আতঙ্কে অনিশ্চয়তায় জেলেপাড়া
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ১০২৭)
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে নাফ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মানুষের ওপর। এক সময়ের জীবিকার নদী নাফ এখন আতঙ্কের নদীতে পরিণত হয়েছে।

টেকনাফের প্রায় ৬৩ কিলোমিটার দীর্ঘ নাফ নদীতে একসময় হাজারো জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। জেলেদের অভিযোগ, নাফ নদীতে নামলেই হারাতে হচ্ছে জাল ও ট্রলার, এমনকি আরাকান আর্মির হাতে পড়ে আর ঘরে ফিরতে পারছেন না অনেক জেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এ পর্যন্ত আরাকান আর্মির হাতে ১৯টি মাছ ধরার ট্রলারসহ ৯৩ জন মিয়ানমারের নাগরিক ও ২৯ জন বাংলাদেশি জেলে আটক হয়েছেন। এক বছর পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এ কারণে আতঙ্ক ও চরম অনিরাপত্তায় জেলেরা নদীতে নামতে সাহস পাচ্ছেন না। নদীর ঘাটে পড়ে আছে অসংখ্য মাছ ধরার ট্রলার।

জেলেরা জানান, আরাকান আর্মির তৎপরতা বাড়ার পর থেকেই নাফ নদী জীবিকার নদী থেকে আতঙ্কের নদীতে পরিণত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটি নদীতে দাপটের সঙ্গে নিজেদের আধিপত্য বিস্তার করছে। ফলে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন জেলেরা।

স্থানীয়দের মতে, টেকনাফের মানুষের প্রধান আয়ের উৎস নাফ নদী এখন আরাকান আর্মির কারণে অভিশাপে পরিণত হয়েছে। একই সঙ্গে এটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে নদীটিকে নিরাপদভাবে ব্যবহারের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা জানান, এ পর্যন্ত আরাকান আর্মির হাতে নাফ নদীতে হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি জেলেদের মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় না যাওয়ার অনুরোধ জানান এবং এ ধরনের কোনো ঘটনা ঘটলে জেলেদের পাশে থাকার আশ্বাস দেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft