রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
হাওরের পানিচক্র পরিবর্তনে ঝুঁকিতে কৃষি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ০)
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওরাঞ্চল কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভান্ডার। বর্ষায় পানিতে টইটম্বুর হাওর শুষ্ক মৌসুমে পরিণত হয় বিস্তীর্ণ ফসলের মাঠে। এ অঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতি নির্ভর করে প্রকৃতির এই স্বাভাবিক পানিচক্রের ওপর। কিন্তু এবার স্বাভাবিক সময়ের আগেই হাওরের পানি নেমে যাওয়ায় বোরো আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও পানির অভাবে বীজতলা শুকিয়ে ফেটে চৌচির হচ্ছে। বাড়ছে সেচের খরচ ও উৎপাদন নিয়ে অনিশ্চয়তা।

সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া- এই সাত জেলা নিয়ে বৃহত্তর হাওরাঞ্চল। সরকারি হাওর মহাপরিকল্পনায় এ অঞ্চলে ৩৭৩টি হাওর ও জলাভূমির উল্লেখ রয়েছে। হাওরাঞ্চলের কৃষি অর্থনীতি অনেকাংশেই এক ফসলি বোরো ধানের ওপর নির্ভরশীল।

প্রতিবছর বর্ষায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে হাওর প্লাবিত হয়। পানি নেমে গেলে কৃষকেরা বীজতলা তৈরি ও বোরো আবাদের প্রস্তুতি নেন। কিন্তু এবার অনেক এলাকায় স্বাভাবিক সময়ের আগেই পানি নেমে যাওয়ায় কৃষিকাজে বিঘ্ন ঘটছে। সুনামগঞ্জের শাল্লা, মধ্যনগর ও তাহিরপুরের বিভিন্ন হাওরে আগাম পানি নেমে যাওয়ায় বীজতলা তৈরিতে সমস্যা দেখা দিয়েছে।

একই পরিস্থিতি নেত্রকোনার খালিয়াজুরীতেও। উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, অন্যান্য বছর নভেম্বরের প্রথম সপ্তাহে হাওরের পানি নামতে শুরু করলেও এবার ২০ অক্টোবরের আগেই পানি সরে গেছে। সেপ্টেম্বরে বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে হাওরে পানির পরিমাণ বাড়ে। এবার তা না হওয়ায় বীজতলা তৈরিতে সমস্যা হচ্ছে।

খালিয়াজুরী উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় ২০ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা দেড় লাখ মেট্রিক টন। কৃষি কর্মকর্তার আশঙ্কা, সেচসংকট দেখা দিলে উৎপাদন ব্যাহত হতে পারে। বিশেষ করে ধানের ফুল আসার সময় পর্যাপ্ত পানি না পেলে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

হাওরে পানি ব্যবস্থাপনার অন্যতম সমস্যা হলো বর্ষায় পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের মধ্যে সমন্বয়ের অভাব। নদী, খাল ও বিলের নাব্যতা কমে যাওয়া এবং পানিপ্রবাহের স্বাভাবিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সংকট আরও বাড়ছে। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করে সেচ দেওয়াও দীর্ঘমেয়াদে টেকসই সমাধান নয়।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানিয়েছেন, সেচ কমিটির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, ধনু নদীসহ বিভিন্ন জলাভূমি খননের উন্নয়ন প্রকল্প পাঠানো হয়েছে। কিছু জলাশয় খননের অনুমোদনও পাওয়া গেছে। এ ছাড়া পানি সংরক্ষণ, নিষ্কাশন ও আগাম বন্যা মোকাবিলায় রেগুলেটর নির্মাণ এবং সিসি ব্লক দিয়ে বাঁধের তীর সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে।

হাওরের কৃষি রক্ষায় নদী-খাল-বিল খনন, পানির ধারণক্ষমতা বৃদ্ধি এবং বর্ষার পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে হাওরের ভৌগোলিক বৈশিষ্ট্য ও কৃষকের প্রয়োজন বিবেচনায় সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। কারণ হাওরের পানি শুধু বোরো ফসলের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও কোটি মানুষের জীবন-জীবিকা। সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে পানিচক্রের পরিবর্তন ভবিষ্যতে হাওরের কৃষি অর্থনীতির জন্য বড় সংকট হয়ে উঠতে পারে। 

লেখক : সাংবাদিক ও লোকসাহিত্য গবেষক। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft