শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
তারেক রহমানের জন্মদিনে গণতান্ত্রিক নেতৃত্বের প্রত্যাশা
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ০)
জন্মদিন ব্যক্তিজীবনের আনন্দ ও আত্মোপলব্ধির একটি বিশেষ উপলক্ষ। তবে কোনো কোনো ব্যক্তির জন্মদিন ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে জাতীয় জীবনের প্রত্যাশা, রাজনৈতিক মূল্যায়ন এবং ভবিষ্যৎ নির্মাণের ভাবনার সঙ্গে যুক্ত হয়। বিশেষত যাঁর নেতৃত্বের সঙ্গে একটি দেশের রাজনৈতিক গতিপথ ও রাষ্ট্রের ভবিষ্যৎ গভীরভাবে সম্পৃক্ত, তাঁর জন্মদিন জাতীয় প্রত্যাশা প্রকাশেরও একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন তেমনই একটি উপলক্ষ। 

এই শুভক্ষণে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যাশা করি, তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব বাংলাদেশকে উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর পিতা-মাতা উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে জাতীয়তাবাদ, স্বনির্ভরতা, উৎপাদনমুখী অর্থনীতি ও বহুদলীয় গণতন্ত্র বিশেষ গুরুত্ব পেয়েছিল। অন্যদিকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় সমৃদ্ধ। এই উত্তরাধিকার তারেক রহমানের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পুঁজি। 

তবে রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর সাফল্য নির্ভর করবে নিজস্ব রাজনৈতিক প্রজ্ঞা, কর্মদক্ষতা, নৈতিক অবস্থান এবং জনগণের প্রত্যাশা পূরণের সামর্থ্যের ওপর।

দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা, নানা প্রতিকূলতা এবং প্রবাসে অবস্থান করেও দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রায় ১৭ বছর পর তাঁর দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং ১৭ ফেব্রুয়ারি তাঁর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। ফলে এবারের জন্মদিনটি তাঁর জীবনে বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি এখন শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, বরং দেশের সরকারপ্রধান হিসেবে সমগ্র জাতির কাছে দায়বদ্ধ।

রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের প্রধান শর্ত হলো দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির প্রতিনিধিত্ব করা। রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দলীয় দায়বদ্ধতা থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বের পরিধি অনেক বিস্তৃত। দল-মত, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশানির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা তাঁর সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। একজন সরকারপ্রধানের প্রকৃত সাফল্য তখনই প্রতিষ্ঠিত হয়, যখন তিনি কেবল সমর্থকদের নয়, বরং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দেশের সব মানুষের আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানে সেই সক্ষমতা রয়েছে। 

তিনি এমন এক সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, যখন বাংলাদেশকে দীর্ঘদিনের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংকট অতিক্রম করতে হচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেছে। ছাত্র-জনতার আত্মত্যাগ ও রাষ্ট্রব্যবস্থার মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে। এই অভিজ্ঞতার যথার্থ মূল্যায়ন করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি। 

বলার অপেক্ষা রাখেনা যে, গণতন্ত্রের সাফল্য শুধু নির্বাচনে বিজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নির্বাচনের পরও গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি সমুন্নত রাখার মধ্যেই এর প্রকৃত সার্থকতা। 

রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সহনশীলতা ও উদারতা প্রদর্শন একটি পরিণত গণতান্ত্রিক নেতৃত্বের পরিচয়। মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু তা যেন প্রতিহিংসা, প্রতিশোধ কিংবা সামাজিক বিভাজনের কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। আমরা প্রত্যাশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এমন রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হবে, যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সংঘাত থাকবে না। সমালোচনার সুযোগ থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। বিরোধী মতের প্রতি সম্মান ও সহনশীলতা প্রদর্শন নেতৃত্বের দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাস ও রাজনৈতিক পরিপক্বতার প্রমাণ। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই এই রাজনৈতিক পরিপক্কতার  পরিচয় দিয়েছেন। 

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অন্যতম বড় পরীক্ষা। উত্তরধিকার সূত্রে প্রাপ্ত মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা, বিনিয়োগে অনিশ্চয়তা এবং জ্বালানি নিরাপত্তার মতো সমস্যাগুলো অর্থনীতিকে চাপে রেখেছে। এসব সংকটের সমাধান সময়সাপেক্ষ হলেও কার্যকর নীতি ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে উত্তরণের পথ তৈরি করা সম্ভব। ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, অর্থ পাচার প্রতিরোধ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং উৎপাদনশীল কর্মসংস্থান সম্প্রসারণে সরকারকে অগ্রাধিকার দিতে হবে।

পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং আয়বৈষম্য কমানোর উদ্যোগ গ্রহণ জরুরি। এসব বিষয়ে ইতোমধ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সরকারের অর্থনৈতিক সংস্কারের সুফল যেন কোনো বিশেষ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিফলিত হয়, সেটিই হওয়া উচিত সরকারের মূল লক্ষ্য। 

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম বড় সম্পদ। এই জনমিতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তরুণদের দক্ষ, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদে রূপান্তর করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, অটোমেশন ও ডিজিটাল অর্থনীতির বিস্তারের ফলে বিশ্বব্যাপী কর্মসংস্থানের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই প্রচলিত শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী, গবেষণানির্ভর ও প্রযুক্তিসম্মত করে তোলা অপরিহার্য। 

বিএনপির নির্বাচনী ইশতেহারে তরুণদের কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মেধাভিত্তিক নিয়োগের যে অঙ্গীকার করা হয়েছিল, তার বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানোও প্রয়োজন। শিক্ষা যেন শুধু সনদ অর্জনের মাধ্যম না হয়ে ব্যক্তির সক্ষমতা ও জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধির প্রধান হাতিয়ার হয়ে ওঠে এটিই এখন বড় চাওয়া। 

রাষ্ট্রীয় স্বার্থকে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তাঁর সরকারের সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত। গ্রামীণ অর্থনীতি, কৃষি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উন্নয়নেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টন এবং নাগরিকের মৌলিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটতে হবে।

জাতীয় অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতির বিকল্প নেই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভাজন ও পারস্পরিক অবিশ্বাসের অভিজ্ঞতা দীর্ঘদিনের। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা জরুরি। একইভাবে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সহযোগিতামূলক ও ভারসাম্যপূর্ণ, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে দৃঢ় ও আপসহীন। তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির বাস্তব তাৎপর্যও এখানেই নিহিত।

জনগণের ভোটে সরকার গঠন রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু ইতিহাসে নেতৃত্বের স্থায়ী অবস্থান নির্ধারিত হয় রাষ্ট্র পরিচালনার সাফল্য ও জনকল্যাণমূলক অবদানের মাধ্যমে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সরকার তার ঐতিহাসিক সাফল্য অর্জন করতে পারে। তারেক রহমানের সামনে আজ সেই সুযোগ রয়েছে। 

আমরা প্রত্যাশা করি, তাঁর নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, যেখানে বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্য, প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা এবং দলীয় ও গোষ্ঠী স্বার্থের পরিবর্তে রাষ্ট্রীয় স্বার্থ প্রাধান্য পাবে। গড়ে উঠবে এমন এক বাংলাদেশ, যেখানে গণতন্ত্র হবে প্রাতিষ্ঠানিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, শিক্ষা হবে জীবনমুখী এবং প্রশাসন হবে জবাবদিহিমূলক।

জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করি। প্রত্যাশা করি, প্রজ্ঞা, দূরদর্শিতা, উদারতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে তিনি রাষ্ট্র পরিচালনায় এমন দৃষ্টান্ত স্থাপন করবেন, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের অনুকরণীয় ও অনন্য উদাহরণ হয়ে থাকবে।

লেখক: উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আজকালের খবর/ এমকে






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft