সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
হাওরের বাঁধ: সুরক্ষা নাকি নতুন সংকট?
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ৩৭)
হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষার অন্যতম প্রধান অবলম্বন ফসল রক্ষা বাঁধ। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিস্তীর্ণ হাওরাঞ্চলের কৃষকের কাছে এসব বাঁধের গুরুত্ব অপরিসীম। আগাম বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের হাত থেকে সারা বছরের প্রধান ফসল বাঁচাতে প্রতিবছর নির্মাণ ও সংস্কার করা হয় ফসল রক্ষা বাঁধ। কিন্তু যে বাঁধ কৃষকের ফসল সুরক্ষার জন্য নির্মাণ করা হয়, অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে সেটিই কখনো নতুন বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ফলে হাওরাঞ্চলের কৃষকদের সামনে একটি অভিন্ন প্রশ্ন—বাঁধ নির্মাণ করলেও বিপদ, না করলেও বিপদ!

হাওরের ভৌগোলিক বৈশিষ্ট্য অন্য কৃষিপ্রধান অঞ্চলের চেয়ে আলাদা। বর্ষায় বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত থাকে, আর শুষ্ক মৌসুমে পানি নেমে গিয়ে বোরো আবাদের উপযোগী জমি তৈরি হয়। একদিকে উজানের পাহাড়ি ঢল ও আগাম বন্যার ঝুঁকি, অন্যদিকে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের প্রয়োজনীয়তা—এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করাই হাওর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ।

বাঁধ নির্মাণ না করলে আগাম বন্যায় পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আবার পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা ছাড়া বাঁধ নির্মাণ করলে বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা তৈরি হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় বোরো ফসল। অর্থাৎ, বন্যা ঠেকাতে নির্মিত বাঁধই কখনো কৃষকের ফসলহানির কারণ হয়ে ওঠে।

নেত্রকোনার খালিয়াজুরী এর উল্লেখযোগ্য উদাহরণ। গত বোরো মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাবিটা প্রকল্পের আওতায় ২০ কোটি ২৬ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে ১৪৩টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে প্রায় ৯১ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়। অথচ পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় উপজেলার ২০ হাজার ২৩২ হেক্টর বোরো জমির প্রায় ৪০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৬৫ কোটি টাকা। এ ক্ষতির পেছনে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পানি ব্যবস্থাপনার দুর্বলতাও অন্যতম কারণ।

খালিয়াজুরীতে আগে নির্মিত ১৮টি স্লুইসগেটের অধিকাংশই বর্তমানে বিকল। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এবারও ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু নতুন স্লুইসগেট নির্মাণ ছাড়াই বাঁধ সংস্কারের পরিকল্পনা রয়েছে। প্রশ্ন হচ্ছে, শুধু বাঁধ নির্মাণেই কি গুরুত্ব দেওয়া হবে, নাকি পানি নিষ্কাশনের বিষয়টিও গুরুত্ব পাবে?

হাওরের পানি ব্যবস্থাপনায় বাঁধ, নদী, খাল, বিল ও স্লুইসগেটকে সমন্বিত ব্যবস্থার অংশ হিসেবে দেখতে হবে। কোথায় বাঁধ প্রয়োজন, কোথায় স্লুইসগেট মেরামত বা নতুন করে নির্মাণ জরুরি এবং কোন নদী-খাল খনন করা দরকার, তা বৈজ্ঞানিক সমীক্ষার ভিত্তিতে নির্ধারণ করতে হবে। পাশাপাশি স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিতে হবে।

অপ্রয়োজনীয়ভাবে পুরোনো বাঁধে মাটি ফেলে অর্থ ব্যয় না করে ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি, কাজের গুণগত মান ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। বাঁধ নির্মাণের নামে যেন পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

হাওরের কৃষক বাঁধের বিপক্ষে নন; তাঁরা চান কার্যকর, টেকসই ও কৃষিবান্ধব বাঁধ। তাঁদের প্রত্যাশা, আগাম বন্যায় ফসল ডুববে না, আবার বৃষ্টির পানিতেও জমি তলিয়ে থাকবে না। মনে রাখতে হবে, বাঁধ নির্মাণের সাফল্য এর দৈর্ঘ্য, উচ্চতা কিংবা ব্যয়ের পরিমাণ দিয়ে নয়, কৃষকের ফসল কতটা সুরক্ষিত থাকছে, তা দিয়েই নির্ধারিত হওয়া উচিত।

হাওরের অধিকাংশ কৃষক একটি বোরো ফসলের ওপর নির্ভরশীল। এই ফসল নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হয় কৃষকের জীবন-জীবিকা, স্থানীয় অর্থনীতি ও দেশের খাদ্যনিরাপত্তা। তাই হাওরের ফসল রক্ষায় শুধু বাঁধ নির্মাণ নয়, বন্যা প্রতিরোধ, পানি নিষ্কাশন, নদী-খালের নাব্যতা রক্ষা এবং স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে হবে। হাওরভেদে পৃথক বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পানি ব্যবস্থাপনা পরিকল্পনা। অন্যথায় ফসল রক্ষার নামে নির্মিত বাঁধই কৃষকের জন্য নতুন সংকট তৈরি করবে।

লেখক: সাংবাদিক ও লোকসাহিত্য গবেষক।
(লোকসাহিত্য গবেষক হিসেবে বাংলা একাডেমি থেকে নিয়োগপ্রাপ্ত)। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft