সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৩২)
কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষক যেন লোকসানের মুখে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পরিকল্পিত ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘পেঁয়াজের ক্ষেত্রে আমাদের আর আমদানিনির্ভর থাকতে হয় না। ভারত যেসব বিষয় নিয়ে আমাদের চ্যালেঞ্জ করে, সেসব বিষয়েই আমরা নিজেদের সক্ষমতা গড়ে তুলতে চায় সরকার। আমরা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চাই না। নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরাই উৎপাদন করতে হবে।

তিনি বলেন, লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে বছরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এই আমদানিনির্ভরতা কমিয়ে দেশে নিজেরাই আয়োডিন উৎপাদনের লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি আয়োডিন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। ‘আমরা ভারত থেকে আয়োডিন আনতে চাই না। দেশের প্রয়োজন দেশের উৎপাদন দিয়েই মেটাতে চাই। কৃষকদের অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও যাচ্ছে। এর পেছনে কৃষকদের শ্রম ও অবদান সবচেয়ে বেশি। 

তিনি আরও বলেন, বগুড়া-২ আসনের সব কৃষিজমির মাটি বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করতে রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নিরূপণ করে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা।

আজকালের খবর/রাশেদুল মিলন 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft