কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য, নাশকতা, হত্যা, অগ্নিসংযোগ এবং ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের কানাইখালী এলাকায় জনতা ব্যাংকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ।
এ ছাড়া বক্তব্য রাখেন- নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চন, নলডাঙ্গা উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ এন এম শামসুজ্জামান রুপম, বাগাতিপাড়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. মকবুল হোসেন, সিংড়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. হারুন অর রশিদ, গুরুদাসপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রাসেল এবং নাটোর সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছিল, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যাতে দেশ পরিচালনায় সফল হতে না পারে, সে উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
আজকালের খবর/বিএস