বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম   (ভিজিট : ০)
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত সোহেল ও শাহীন নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হাসপাতাল কিংবা পুলিশের পক্ষ থেকে এখনো তাদের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার শিকার হয়।

​বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাদের শোভাযাত্রায় অতর্কিত হামলা চালান। হামলাকারীরা নেতাকর্মীদের মারধরের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​হামলায় আহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শাহীন ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়।

​পরে গুরুতর আহত সোহেল ও শাহীনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তবে তাদের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

​এদিকে বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হলেও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কারও সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

​এ বিষয়ে জানতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft