
নতুন আমন ধান ঘরে তোলার আনন্দে বাঙালির হাজার বছরের কৃষিভিত্তিক সংস্কৃতিতে যুক্ত হয়েছে নবান্ন উৎসব। নতুন ধানের চাল, পিঠাপুলি, পারিবারিক আয়োজন আর ঐতিহ্যবাহী মাছের মেলা—সব মিলিয়ে বগুড়ার নন্দীগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব।
নবান্ন উপলক্ষে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় এখনো টিকে আছে বেশ কিছু প্রাচীন রীতি। উৎসবের দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে কলাগাছের মাঝের পাতা ও কাঁচি হাতে জমির দিকে রওনা হন পরিবারের পুরুষ সদস্যরা। জমির এক কোণে থাকা তিনটি ধানের গোছার সঙ্গে কলাপাতা জড়িয়ে একসঙ্গে কেটে মাথায় করে বাড়িতে নিয়ে আসেন তাঁরা।
এদিকে বাড়ির নারী সদস্যরা শঙ্খ, ঘণ্টা ও উলুধ্বনি দিয়ে তাঁদের স্বাগত জানান। এরপর নতুন ধান থেকে চাল বের করে বিভিন্ন উপকরণ মিশিয়ে তা মন্দিরে নিবেদন করা হয়। পাশাপাশি কাকদের জন্যও নতুন অন্ন দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা একসঙ্গে বসে নতুন অন্ন গ্রহণ করেন। বাড়িতে চলে নানা ধরনের পিঠাপুলি তৈরির আয়োজন।
প্রচলিত রীতি অনুযায়ী, অনেক পরিবারে নবান্নের দিন দুপুরে ভাত খাওয়া হয় না। রাতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নতুন অন্ন নিবেদনের পর পরিবারের সদস্যরা একসঙ্গে ভাত খান। ধর্মীয় আচার, পারিবারিক মিলনমেলা ও নানা আয়োজনের মধ্য দিয়ে এভাবেই উদযাপিত হয় নবান্ন উৎসব।
মাছের মেলায় বড় মাছ কেনার প্রতিযোগিতা
নন্দীগ্রামে নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী মাছের মেলা। এ উপলক্ষে পরিবারের কর্তারা ছেলেদের ও জামাইদের সঙ্গে নিয়ে মেলায় যান। নিজেদের সামর্থ্য অনুযায়ী বড় বড় মাছ কেনার চেষ্টা করেন। কে কত বড় মাছ কিনলেন, তা নিয়েও চলে আনন্দময় প্রতিযোগিতা।
উপজেলার ওমরপুর, রণবাঘা, হাটকড়ই, ত্রিমুহণী, ধুন্দার, কুমিড়া পণ্ডিতপুকুর, মুরাদপুর ও বুড়ইল বাজারসহ বিভিন্ন স্থানে বসেছে মাছের মেলা। এসব মেলায় বড় মাছের পাশাপাশি নানা প্রজাতির ছোট-বড় মাছের সমাহার ঘটেছে।
ওমরপুর মাছের মেলার ব্যবসায়ী মোস্তফা আলী বলেন, মাছের আকার ও প্রজাতিভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বিগহেড ও সিলভার কার্প প্রতি কেজি ২৫০ থেকে ৬০০ টাকা, রুই ও কাতলা ৩০০ থেকে ৮০০ টাকা, চিতল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং বোয়াল ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মেলা উপলক্ষে প্রতিটি মাছ বিক্রেতা ৩০ থেকে ৪০ মণ করে মাছ এনেছেন।
মেলায় মাছ কিনতে আসা নন্দন সরকার বলেন, নন্দীগ্রামের বিভিন্ন বাজারে নবান্ন উপলক্ষে মাছের মেলা বসেছে। মাছের সরবরাহ ভালো এবং চাহিদা অনুযায়ী ছোট-বড় সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে। তবে দাম কিছুটা বেশি মনে হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও এসব মেলা থেকে প্রচুর মাছ কেনেন। অনেক মুসলিম কৃষক পরিবারও নিজেদের মতো করে নবান্ন উৎসব পালন করেন।
হারিয়ে যাচ্ছে পুরোনো ঐতিহ্য
নন্দীগ্রাম পৌর এলাকার হিন্দুপাড়ার শতবর্ষী বাসিন্দা নারায়ণ চন্দ্র কর্মকার বলেন, তাঁর বয়স একশ বছর পেরিয়েছে। তাঁর বাবা-দাদারাও সনাতনী পঞ্জিকা অনুযায়ী অগ্রহায়ণ মাসের প্রথম দিন নবান্ন উৎসব পালন করতেন। এখনো তাঁরা সেই ঐতিহ্য ধরে রেখেছেন।
তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনে গ্রামাঞ্চলেও নবান্নের অনেক পুরোনো ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। একসময় ঢেঁকিতে ধান ভানা, নতুন চালের গুঁড়া তৈরি, দলবেঁধে পিঠা বানানো, লোকজ গান ও পারিবারিক মিলনমেলার যে প্রাণবন্ত পরিবেশ ছিল, তা এখন অনেকটাই কমে গেছে। তারপরও পিঠা-পায়েস তৈরি, বড় বড় মাছ কিনে নানা পদের রান্না এবং স্বজনদের আপ্যায়নের মধ্য দিয়ে এখনো টিকে আছে বাঙালির শিকড়ের উৎসব নবান্ন।
সব মিলিয়ে সময়ের পরিবর্তনে নবান্নের অনেক পুরোনো রীতি হারিয়ে গেলেও নতুন ধানের অন্ন, পিঠাপুলি, মাছের মেলা ও স্বজনদের মিলনমেলার মধ্য দিয়ে নন্দীগ্রামে এখনো বেঁচে আছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ উৎসব।
আজকালের খবর/কাওছার আল হাবীব