বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
উলিপুরে ৫শ পরিবারের কাছে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ১০)
শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। সংস্থাটির উদ্যোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০০ অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কেনার জন্য জনপ্রতি ৩ হাজার টাকা করে ভাউচার বিতরণ করা হয়েছে। এতে মোট ১৫ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উলিপুরের কে আর ট্রেডার্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।

অনুষ্ঠানে জানানো হয়, কর্মসূচির আওতায় উপজেলার হাতিয়া ইউনিয়নের ১১৫টি, বুড়াবুড়ি ইউনিয়নের ৯০টি, ধরনীবাড়ী ইউনিয়নের ৯৫টি, পাণ্ডুল ইউনিয়নের ৯০টি এবং দুর্গাপুর ইউনিয়নের ১১০টি পরিবারের মধ্যে জনপ্রতি ৩ হাজার টাকা মূল্যের ভাউচার বিতরণ করা হয়েছে।

ভাউচারের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী শীতবস্ত্র কিনতে পারবেন। এতে সহায়তা গ্রহণের ক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত পছন্দ, প্রয়োজন ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ বলেন, শীতকালে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। এ সময় তাঁদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ইসলামিক রিলিফ বাংলাদেশের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সহায়তা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন তাকিয়া, এমইএএল সমন্বয়কারী রাকিবুল হাসান শুভ, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মো. আব্দুস সালাম ও কমিউনিটি মোবিলাইজার মো. সানোয়ার হোসেন। এ ছাড়া বিশিষ্ট সমাজসেবক এম. মতলেবুর রহমান মঞ্জু, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাউচার পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। তাঁরা জানান, শীতের শুরুতেই এ ধরনের সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র কেনা সহজ হবে। নিজেদের চাহিদা ও পছন্দ অনুযায়ী শীতের পোশাক কেনার সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত।

উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জীবিকার উন্নয়ন, শিশু অধিকার সুরক্ষা ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সংস্থাটি শীতবস্ত্র সহায়তা কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন করছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft