বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
উর্বর মাটি যাচ্ছে ইটভাটায়, ধুলায় অতিষ্ঠ গ্রামবাসী
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৯)
ইটভাটার আগুনে পুড়ছে পরিবেশ, ধ্বংস হচ্ছে কৃষিজমির উর্বরতা। ত্রি-ফসলি জমির উপরিভাগের মূল্যবান মাটি (টপসয়েল) কেটে নেওয়া হচ্ছে ইট তৈরির কাজে। সারাদেশে ইটভাটার সংখ্যা কমানোর উদ্যোগ থাকলেও ময়মনসিংহের গৌরীপুরে বাড়ছে ইটভাটার সংখ্যা। চলতি মৌসুমে উপজেলায় ১৭টি ইটভাটায় ইট উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অথচ পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব ইটভাটার কোনোটিরই পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন নেই।

‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ এবং ২০২৬ সালের ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা অধ্যাদেশে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত। এ ধরনের অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, আইন ও বিধিনিষেধ থাকলেও গৌরীপুরে কৃষিজমির মাটি কাটা এবং অবৈধ ইটভাটা পরিচালনা বন্ধ হচ্ছে না।

গত সোমবার (১৬ নভেম্বর) পৌর শহরের গাঁওগৌরীপুর এলাকায় অবস্থিত একটি ইটভাটায় লরিতে করে আমছোলা গ্রামের ত্রি-ফসলি জমি থেকে মাটি নিয়ে যেতে দেখা যায়। এ বিষয়ে মাটির ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, তিনি কৃষকদের কাছ থেকে মাটি কিনে গাঁওগৌরীপুরের ইটভাটায় বিক্রি করেন। এ কাজে প্রতি হাজারে কমিশন পান তিনি।

আমছোলা গ্রামের হযরত আলী বলেন, ইটভাটার জন্য শুধু কৃষিজমির মাটিই নষ্ট হচ্ছে না, মাটি বহনের কারণে গ্রামের কাঁচা রাস্তাও ধ্বংস হয়ে যাচ্ছে।

একই গ্রামের তোতা মিয়ার স্ত্রী নুর জাহান বলেন, রাস্তার ধুলাবালুর কারণে ঘরের খাবারেও বালু জমে। রাতে ঘুমানোর সময় ধুলায় নাক বন্ধ হয়ে যায়। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

অন্যদিকে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার থেকে শালিহর পর্যন্ত সড়ক পাকাকরণের কাজ চলছে। এ সড়ক ঘিরেও ধুলাবালু ও নির্মাণকাজের মান নিয়ে অভিযোগ রয়েছে স্থানীয়দের। শালিহর গ্রামের আব্দুল মোতালিব বলেন, নতুন নির্মিত সড়ক ফেটে যাচ্ছে। শালিহর পশ্চিমপাড়ার ইয়ার হোসেন বলেন, চারদিকে শুধু ধুলাবালু উড়ছে। নাক-মুখ ঢেকে দম বন্ধ করে চলাচল করতে হচ্ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, মাটির উপরিভাগের সাধারণত ৬ থেকে ১০ ইঞ্চি গভীরতার স্তরকে টপসয়েল বলা হয়। এ স্তরে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশসহ বিভিন্ন পুষ্টি উপাদান এবং উপকারী অণুজীব বেশি থাকে। প্রকৃতিতে মাত্র এক ইঞ্চি উর্বর টপসয়েল তৈরি হতে প্রায় ১০০ বছর সময় লাগে। ফলে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হলে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের কৃষক হাসিম উদ্দিন (৬৫) বলেন, ইটভাটার মালিক ও মাটির ব্যবসায়ীদের দৌরাত্ম্যে কয়েক ঘণ্টার মধ্যেই ভেকু (এক্সকাভেটর) দিয়ে কৃষিজমির উর্বর মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে গ্রামের রাস্তাঘাট নষ্ট হচ্ছে। এ অঞ্চলের সুপারি ও নারিকেল গাছের ফলনও আগের মতো নেই। ইটভাটার ধোঁয়ার কারণে গাছপালার ক্ষতি হচ্ছে বলে তাঁর অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ কৃষি এলাকার আশপাশে অপরিকল্পিতভাবে ইটভাটা স্থাপন করা হয়েছে। অচিন্তপুর ইউনিয়নের ত্রি-ফসলি জমি, সতিষার ধানের বীজ উৎপাদন কেন্দ্র, ডৌহাখলায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকা এবং বোকাইনগর ইউনিয়নের সবজি চাষের জমির আশপাশে এসব ইটভাটা গড়ে উঠেছে। কৃষিজমিকে অকৃষি হিসেবে দেখিয়ে ভাটা স্থাপনের অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডে প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা এবং সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি যাতে ইটভাটায় বিক্রি না করা হয়, সে বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

ইটভাটার এক শ্রমিক আলী হোসেন জানান, প্রতিটি ইট তৈরিতে প্রায় পাঁচ কেজি মাটি লাগে। ইট তৈরির জন্য টপসয়েল সবচেয়ে উপযোগী। বছরে প্রতিটি ইটভাটায় ৪০ থেকে ৫০ লাখ ইট উৎপাদন করা হয়। ফলে বিপুল পরিমাণ কৃষিজমির মাটি প্রয়োজন হয়।

মামদীপুরের কৃষক নবী হোসেন বলেন, ইটভাটার জন্য প্রতিবছর কৃষিজমির মাটি কেটে নেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় জমির উর্বরতা থাকবে না।

ইটভাটার প্রতিবেশী নুর আলী অভিযোগ করে বলেন, প্রতিবছর পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে অভিযান চালান। কিন্তু কিছুদিন পর আবারও ইটভাটা চালু হয়। তাঁর মতে, এসব অভিযান কার্যকর ফল বয়ে আনছে না। চিমনি ভেঙে দেওয়ার পরও একটি ইটভাটায় ইট পোড়ানোর অভিযোগ রয়েছে। এমনকি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনার পরও সংশ্লিষ্ট ভাটাটি কীভাবে চালু রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, এ ধরনের অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নুর কুতুব আলম সিদ্দিক বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গৌরীপুরের ইটভাটাগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের আশঙ্কা, অবৈধ ইটভাটা ও কৃষিজমির টপসয়েল কাটা বন্ধ করা না গেলে ভবিষ্যতে এ অঞ্চলের কৃষি উৎপাদন, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই শুধু অভিযান নয়, অবৈধ ইটভাটার স্থায়ী নিয়ন্ত্রণ এবং কৃষিজমির উর্বর মাটি রক্ষায় কার্যকর পদক্ষেপ চান তাঁরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft