বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
কক্সবাজার পর্যটন কার্নিভাল ঘিরে ঝাউগাছ কাটার অভিযোগ ভিত্তিহীন, দাবি কর্তৃপক্ষের
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ০)
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে আয়োজিতব্য তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ ঘিরে ঝাউগাছ কাটার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের দাবি, কার্নিভালের অবকাঠামো নির্মাণ বা আয়োজনের জন্য হোটেল শৈবাল প্রাঙ্গণ কিংবা সংলগ্ন এলাকায় কোনো ঝাউগাছ কাটা হয়নি।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের সহযোগিতায় আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এই কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোটেল শৈবাল প্রাঙ্গণ ও তৎসংলগ্ন প্রায় ৩৫ একর জায়গাজুড়ে এ আয়োজনের প্রস্তুতি চলছে। কার্নিভালকে কেন্দ্র করে ১৫ থেকে ১৬টি বিশেষ জোন সাজানো হচ্ছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীরের দেওয়া তথ্যমতে, কার্নিভালের প্রতিটি আয়োজনের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। হোটেল শৈবালের নিজস্ব কম্পাউন্ড ও বরাদ্দকৃত এলাকার কোনো ঝাউগাছ কাটা হয়নি কিংবা বনাঞ্চলের কোনো ক্ষতি করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাছ কাটার ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এদিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, তিনি হোটেল শৈবাল প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখানে পর্যটন কার্নিভাল উপলক্ষে গাছ কাটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে বিমান চলাচল নির্বিঘ্ন করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কিছু গাছের উঁচু ডালপালা ছাঁটাই করে। ছাঁটাই করা ডালপালা একটি নির্দিষ্ট স্থানে জমা রাখা হয়েছিল। মূলত ওই জমা করা গাছের ছবিগুলো ব্যবহার করেই পর্যটন কার্নিভালের নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি জানান।

কক্সবাজার বিমানবন্দরের এরোড্রাম কর্মকর্তা (এটিএম) মোহাম্মদ নাছিমূল গনি জানান, বিমানবন্দরের রানওয়ে ৩৫-এর দক্ষিণ প্রান্তে উড্ডয়ন ও অবতরণের পথে (অ্যাপ্রোচ ফানেল) থাকা ঝাউগাছের উচ্চতা নির্ধারিত সীমার বেশি হওয়ায় সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমানের পাইলটদের নিরাপদে অবতরণে জটিলতা তৈরি হচ্ছিল। বিশেষ করে নির্ধারিত স্ট্যান্ডার্ড গ্লাইড পাথ (গ্লাইড স্লোপ-৩ ডিগ্রি) অনুসরণ করে অবতরণের সময় প্রয়োজনীয় অবতরণ হার বজায় রাখা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল।

এ পরিস্থিতিতে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অ্যাপ্রোচ ফানেলে থাকা ঝাউগাছের উঁচু ডালপালা ছাঁটাই করা হয়েছে। এ কাজে কোনো গাছ গোড়া থেকে কাটা হয়নি; শুধু প্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করা হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, কক্সবাজার পর্যটন কার্নিভালকে ঘিরে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এবং কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft