লিউকেমিয়ায় আক্রান্ত ঝালকাঠির মেধাবী শিক্ষার্থী বুশরা মেহজাবীনের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে বুশরার বাবা সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন বশিরের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার ২৫ হাজার টাকা এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা এলিন ভুট্টো ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। তাঁদের দেওয়া অর্থের সমন্বয়ে মোট ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাওছার হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আক্কাস শিকদার।
মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসার পাশাপাশি তার পড়াশোনা অব্যাহত রাখা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা থেকেই এ সহায়তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় চিকিৎসা ও সবার সহযোগিতায় বুশরা সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
প্রসঙ্গত, লিউকেমিয়ায় আক্রান্ত বুশরা মেহজাবীন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করে। গুরুতর অসুস্থতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়ে তার এ সাফল্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন