মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
শ্রমিক অসন্তোষকে হাতিয়ার করে গাজীপুরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম   (ভিজিট : ৪)
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের অন্যতম কেন্দ্র গাজীপুরের শিল্পাঞ্চলে  শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু কর্মী অনুপ্রবেশ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। তাদের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াকে ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির এই প্রচেষ্টায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

শিল্পমালিক ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী পর্দার আড়াল থেকে সাধারণ শ্রমিকদের উসকে দিচ্ছেন। তাদের দাবি, আন্দোলনে অনুপ্রবেশ করে বিক্ষোভকে সহিংসতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য দেশের পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি বাণিজ্য ব্যাহত করা এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত উসকানি, অর্থের জোগান এবং পরিকল্পিত ভাঙচুর ও নাশকতার বিষয়ে প্রশাসনের কাছে বিভিন্ন তথ্য রয়েছে। তবে চলমান তদন্ত ও অভিযানসংক্রান্ত কারণে এ বিষয়ে বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও জয়দেবপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে উত্তরবঙ্গ ও ময়মনসিংহগামী বিভিন্ন যানবাহন আটকা পড়ে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, রোগী ও কর্মজীবী মানুষ। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, মহানগর পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এ সময় বিক্ষোভকারীদের একাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ উপেক্ষা করে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে জয়দেবপুর ও নাওজোর এলাকা থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। তবে ভোগড়া বাইপাস এলাকায় বেশ কিছু সময় উত্তেজনা বিরাজ করে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। জনদুর্ভোগ কমাতে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গাজীপুরের পোশাকশিল্পের সঙ্গে দেশের অর্থনীতি, রপ্তানি আয় ও লাখো শ্রমিকের কর্মসংস্থান জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যাতে শিল্পাঞ্চলে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। তাদের মতে, সহিংসতার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি শ্রমিকদের প্রকৃত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft