বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আরিফ বিল্লাহ (২৪) এবং একই গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে আলম হোসেন (৫০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ গ্রেপ্তারকৃত দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি একজনকে ১০০ টাকা এবং অপরজনকে ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম।
আজকালের খবর/বিএস