মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
শ্যামনগরে শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম   (ভিজিট : ০)
শ্যামনগরে শীতের মৌসুমে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা, জমজমাট গুড়ের প্রস্তুতি।

শীতের আগে হাওয়ায় ঠান্ডা ভাব আসতেই সাতক্ষীরার শ্যামনগরে জমে উঠেছে খেজুর গাছের পরিচর্যা। রস সংগ্রহ থেকে গুড় তৈরি সবকিছুর শুরুটাই গাছ কাটার মৌসুম। ইতোমধ্যে নকিপুর, নওয়াবেকী, ভুরুলিয়া, কাশিমাড়ী, আটুলিয়া, নুরনগর আর বংশিপুরসহ প্রায় সব গ্রামে গাছিরা ব্যস্ত সময় পার করছেন আগা ঝোড়া, চাঁচ দেওয়া আর নলি মারার কাজে। গাছ কাটার ১০–১২ দিন পরই শুরু হবে রস সংগ্রহ।

শ্যামনগরের গ্রামগুলোতে হাঁটলে প্রতিটি জমির আইলে চোখে পড়ে খেজুর গাছের সারি। অনেক কৃষক জমির চারপাশই খেজুর গাছ দিয়ে ঘিরে রেখেছেন। রস বিক্রি আর গুড় তৈরির ওপর নির্ভর করে এসব গ্রামের বহু পরিবার।

নওয়াবেকী গ্রামের শাহিন আলমের ১২০টি আর একই গ্রামের রমজান আলীর ৮০টি খেজুর গাছ আছে। তারা জানান, পুরো শীতজুড়ে (চার মাস) বাড়িতেই পাটালি ও গুড় তৈরি করেন। প্রতিদিন গড়ে ১–২ হাজার টাকা আয় হয়। স্থানীয়দের মতে, কারও যদি ২০০টি খেজুর গাছ থাকে, সারা বছরের সংসার নিশ্চিন্তে চলে যায়।

শীত এলেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা শ্যামনগর, কালিগঞ্জ ও বালিয়াডাঙ্গার গুড়ের হাটে ভিড় করেন। এখানকার গুড়ের কদর সারাদেশে, এমনকি বিদেশেও পাঠানো হয়।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এস এম এনামুল হক জানান, জেলায় প্রায় ২ লাখ খেজুর গাছ আছে। এখানকার গুড়ের সুনাম দেশজোড়া। শীত মৌসুমে এ খাতে বাড়তি আয় করেন জেলার হাজারো কৃষক।

শ্যামনগরের কৃষকদের কাছে তাই শীত মানে শুধু ঠান্ডা না নতুন আশার মৌসুম, খেজুর গাছের রসে সচ্ছলতার গল্প।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft