ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে রোমান্টিক সিনেমার কুশলী নির্মাতা হিসেবে মুস্তাফিজুর রহমান মানিক এক নির্ভরতার নাম। দীর্ঘ বিরতি পর এই নির্মাতার ‘আনন্দ অশ্রু’ শিরোনামের সিনেমা ১৩ নভেম্বর মুক্তি পাচ্ছে ঢাকাসহ সারাদেশে। বলা হচ্ছে, হাল সময়ে ঈদ ছাড়া সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সংকুচিত প্রযোজকদের ভীড়ে এমন খবরকে মানিকের সাহসী পদক্ষেপ বলে মনে করছেন প্রদর্শক সমিতি। এর সভাপতি আওলাদ হোসেনের বক্তব্য দুঃসময়ে যারা সিনেমা মুক্তি দেবে আমরা একজোট হয়ে তার পাশে থাকবো। কারণ মানিক সাহেব একজন পরীক্ষিত নির্মাতা, যাচ্ছেতাই তার হাত দিয়ে আসবে না। আমরা অবশ্যই এই মুক্তিপ্রতীক্ষিত সিনেমার পাশে আছি, প্রত্যাশা করবো ছবিটি দর্শকপ্রিয়তা পাবে।
একইভাবে সিনেমার পাশে আছেন জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট জানিয়েছেন, সবাই বলছেন সময় খারাপ। সেই খারাপটা যাচ্ছে হলের ওপর দিয়ে। ধীরে ধীরে দর্শক হলবিমুখ হচ্ছেন। সিনেমা দেখার ব্যাপারে দর্শকের মাঝে অনীহা চলে এসেছে সব কিছু জেনে বুঝে মুস্তাফিজুর রহমান মানিক অবশ্যই সাহসী পদক্ষেপ নিয়েছেন। নিজের ওপর আস্থা সবার থাকে না, মানিক বুঝিয়ে দিয়েছেন খারাপ সময়েই নিজেকে বিলিয়ে দিতে হয়। প্রত্যাশা করছি দর্শক হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।
জানা গেছে, ১৩ নভেম্বর (শুক্রবার) মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
ঢাকাই চলচ্চিত্রে সাইমন সাদিক ও মাহিয়া মাহি পরিচিত একটি জুটি। ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধেন তারা। সুজন ও পরী চরিত্রে তাদের অভিনয় দর্শকের প্রশংসা পায়। সিনেমাটির সাফল্যের পর এই জুটিকে নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়।
এর পাঁচ বছর পর ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করেন সাইমন-মাহি। ছবিটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন সাদিক। সেই ধারাবাহিকতায় একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’তেও দেখা যাবে এই জুটিকে।
সিনেমাটিতে সাইমন-মাহি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী।
আজকালের খবর/আতে