নীলফামারীর ডিমলা উপজেলায় চলতি আমন মৌসুমে সময়মতো সার প্রাপ্তি, উন্নত জাতের বীজ ব্যবহার এবং কৃষি বিভাগের নিবিড় পরামর্শে ধানের বাম্পার ফলন হয়েছে। নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর উপজেলায় আমন ধানের উৎপাদনে। এতে কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ডিমলা উপজেলায় ২১ হাজার ২৪১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১০ হাজার মেট্রিক টন। কিন্তু কৃষকদের সঠিক সময়ে প্রয়োজনীয় সার প্রাপ্তি, উন্নত মানের বীজ ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের ফলে উৎপাদন প্রায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১০ হাজার মেট্রিক টন বেশি ধান উৎপাদন হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না বলেন, আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে সঠিক সময়ে কৃষকদের সার প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফসলের চাহিদা অনুযায়ী সময়মতো সার প্রয়োগ করতে পারায় ধানের স্বাভাবিক বৃদ্ধি ও ফলন নিশ্চিত হয়েছে। পাশাপাশি উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ এ সাফল্যকে আরও ত্বরান্বিত করেছে। কৃষকরা যাতে ফসলের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় সার ও অন্যান্য কৃষি উপকরণ পান, তা নিশ্চিত করা উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান শর্ত।
তিনি আরও বলেন, ব্রি ধান ১০২, ব্রি ধান৯৩, ব্রি ধান৭৫সহ অন্যান্য আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের ধান আবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এসব জাতের সম্প্রসারণ এবং সঠিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি উৎপাদন সম্ভব।
ডিমলা উপজেলা কৃষি বিভাগ মাঠ পর্যায়ে উঠান বৈঠক, মাঠ সভা, কৃষক প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের সুষম সার ব্যবস্থাপনা, পরিমিত বালাইনাশক ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে নিয়মিত পরামর্শ প্রদান করে আসছে। কৃষকদের মাঠেই হাতে-কলমে সঠিক প্রযুক্তি ব্যবহারের ধারণা দেওয়া হচ্ছে।
আমন মৌসুমের এ সাফল্যকে সামনে রেখে কৃষি বিভাগ আশা করছে, আসন্ন রবি মৌসুমেও কৃষকরা সময়মতো সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ নির্বিঘ্নে পেলে ভুট্টাসহ অন্যান্য রবি ফসলের আবাদ সম্প্রসারণ করতে পারবেন। সময়মতো কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিত হলে কৃষকের উৎপাদন বৃদ্ধি, আয় উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
কৃষি বিভাগের প্রত্যাশা, সময়মতো সার ও বীজ প্রাপ্তির ধারাবাহিকতা বজায় থাকলে ডিমলার কৃষি উৎপাদন ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।
দৈনিক আজকালের খবর/রাশেদুল মিলন