বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ০)
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১টি বেদে পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে মাথায় কাঠ পড়ে ইসমাত আরা নামে এক নারী আহত হয়েছেন। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে শিকলে বেঁধে রাখা একটি পোষা বানরও পুড়ে মারা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। রান্নার সময় গ্যাস সিলিন্ডারের মুখে আগুন ধরে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রওশন আলী নামে এক ব্যক্তির ঘরে তাঁর পুত্রবধূ গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারের মুখে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। পরে সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের ঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় মাথায় কাঠ পড়ে ইসমাত আরা আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা কামরুল ও ফয়জুল আজিম বলেন, আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ওই চার ঘরে রওশন আলী ও খলিলুর রহমানের ১১ ছেলে তাঁদের স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।

ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন বলেন, ‘ঘরে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিল। আগুনে আমার ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এভাবে আমরা সবাই সর্বস্বান্ত হয়ে গেছি। সব মিলিয়ে আমাদের অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয় বিএনপি নেতা আলা উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বেদে সম্প্রদায়ের। তাঁরা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসতঘর নির্মাণ করে সেখানে বসবাস করে আসছিলেন। মাথা গোঁজার শেষ সম্বল হারিয়ে পরিবারগুলো এখন নিঃস্ব। তাঁদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার জসীম উদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। দুই ব্যক্তির মালিকানাধীন ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft