নীলফামারীর ডিমলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-১ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে ডিমলা উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান বাকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসীম ইসলাম এবং ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।
সভায় নতুন প্রজন্মের শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আজকালের খবর/রাশেদুল মিলন