নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাক ও ট্রাক্টরের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামের এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসি-এর জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সকালে মোটরসাইকেলে চালিয়ে আক্কেলপুর বাজারে যাচ্ছিলেন হান্নান। পথে ভান্ডারপুর হয়ে আক্কেলপুর যাওয়ার সময় কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি পড়েন। ঠিক সেই মুহূর্তে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ‘ট্রাক্টরে’বালু লোড করা হচ্ছিল। এই পরিস্থিতিতে হঠাৎ সামনে চলে আসা পাথরবাহী ট্রাকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় হান্নানের মোটরসাইকেলটি প্রথমে দাঁড়িয়ে থাকা ওই ‘ট্রাক্টরের’ পেছনের অংশে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকটির পেছনের চাকার নিচে পিষ্ট হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ট্রাক্টর গাড়ি দুটি জব্দ করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন