বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
নবীনগরে এলপিজি গ্যাসের দামে নৈরাজ্য, দিশেহারা ক্রেতা
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে বসুন্ধরা ব্র্যান্ডের ১২ কেজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন বাজার ও খুচরা দোকানে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো চড়া দামে গ্যাস বিক্রি করছেন বলে অভিযোগ স্থানীয় ক্রেতাদের।

ক্রেতাদের তথ্যমতে, নবীনগর পৌরসভা এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২ কেজির একটি বসুন্ধরা এলপিজি সিলিন্ডার ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে এ দাম অনেক বেশি বলে দাবি তাঁদের।

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, খুচরা বিক্রেতা ও ডিলারদের একটি অংশ সিন্ডিকেট এবং কৃত্রিম সংকটের অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছে। একই ব্র্যান্ডের সিলিন্ডার কয়েক গজের ব্যবধানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে।

একাধিক ক্রেতা জানান, গ্যাস কিনতে গেলে অনেক দোকানি সরাসরি বলে দেন, ‘নিলে নেন, না নিলে যান। মাল কম।’ ফলে বাধ্য হয়ে নির্ধারিত দামের চেয়ে কখনো কখনো ১ হাজার টাকা পর্যন্ত বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে তাঁদের।

ক্রেতাদের দাবি, অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করলেও নবীনগরের খুচরা বাজারে এর তেমন প্রভাব পড়েনি। নিয়মিত বাজার তদারকির অভাবে অসাধু ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম আদায় করছেন বলে তাঁদের অভিযোগ।

এ পরিস্থিতিতে নবীনগরের সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে ক্ষোভ বাড়ছে। রান্নার অন্যতম প্রধান জ্বালানি এলপিজি গ্যাস কিনতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকে।

ভুক্তভোগী ক্রেতারা দ্রুত বাজার তদারকি জোরদার, অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ তদন্ত এবং কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft