বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
ঋণ করে কলা চাষ, এক রাতেই নিঃস্ব দুই কৃষক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ০)
বগুড়ার শেরপুরে রাতের আঁধারে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন চোমরপাথালিয়া বাজার এলাকার আবুল কালাম ফেলুর ছেলে ফরিদ এবং নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান সত্তার। তাঁরা জমি বর্গা নিয়ে প্রায় তিন বিঘা জমিতে কলার চারা রোপণ করেছিলেন। দুর্বৃত্তদের হামলায় বাগানের প্রায় সব গাছই নষ্ট হয়ে গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা কলাবাগানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে। বুধবার সকালে জমিতে গিয়ে তাঁরা কলাগাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

কৃষকেরা জানান, কিস্তিতে টাকা তুলে এবং ধারদেনা করে তাঁরা কলাবাগান গড়ে তুলেছিলেন। মাসের পর মাস শ্রম ও অর্থ ব্যয় করে গাছগুলোর পরিচর্যা করেছেন। কিন্তু এক রাতেই তাঁদের সব পরিশ্রম ও পুঁজি শেষ হয়ে গেছে। ঋণের বোঝা মাথায় নিয়ে এমন ক্ষতি সামলে ওঠা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, পূর্বশত্রুতা ও প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে তাঁদের কলাবাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। অন্য কৃষকেরাও নিজেদের ফসলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft