বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে আগুনে নিঃস্ব তিন ব্যবসায়ী, সহায়তা মিলেছে একজনের
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ০)
গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর দোকান ও দুটি গোডাউন পুড়ে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে একজনকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হলেও অপর দুই ব্যবসায়ী এরশাদ মিয়া ও হাফিজুর রহমান এখনো কোনো সহায়তা পাননি। আগুনে ব্যবসার পুঁজি হারিয়ে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

গত ৩১ অক্টোবর রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী মিজানুর রহমানের মুদি দোকান ও দুটি গোডাউনে প্রায় ২৫ লাখ টাকা, তাঁর ভাই এরশাদ মিয়ার কাঠের দোকানে ১ লাখ টাকা এবং হাফিজুর রহমানের হার্ডওয়্যার দোকানে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজারের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সুন্দরগঞ্জ ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজানুর রহমানকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন হাসানগঞ্জ বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি এম জি রব্বানী সরকার।

অপর দুই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এরশাদ মিয়া ও হাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে তাঁদের যথাক্রমে ১ লাখ ও ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দীর্ঘদিনের ব্যবসার পুঁজি হারিয়ে তাঁরা এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নতুন করে ব্যবসা শুরু করার মতো সামর্থ্যও তাঁদের নেই।

তাঁরা আরও জানান, অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত কেউ তাঁদের সহযোগিতায় এগিয়ে আসেননি। এমন পরিস্থিতিতে ব্যবসা পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft