লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়নে রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে রক্তদানের আগ্রহ বাড়াতে এই জনহিতকর উদ্যোগ গ্রহণ করা হয়।
এলাকার তরুণ নেতা, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ইলিয়াছ-এর ব্যক্তিগত উদ্যোগে এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়।
তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে হযরত আলী (রাঃ) নূরানী ও ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘একতা ব্লাড ডোনেট সোশ্যাল অর্গানাইজেশন’।
ফ্রি এই ব্লাড ক্যাম্পিংয়ে স্থানীয় সাধারণ মানুষ ও যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মহলের প্রতিনিধিরা এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
আজকালের খবর/রাশেদুল মিলন