মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯, সিলেট, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর থানাধীন দক্ষিণ পৈরতলা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের পাশে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পূর্ব পাশে একটি নির্মাণাধীন ভবনের সংলগ্ন ফাঁকা জায়গায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি লিডবল শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা পাইপগান দুটির বডিতে খোদাই করে ‘জঅঞওগ’ লেখা রয়েছে। অস্ত্র দুটিতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত ছিল। এছাড়া পাইপগানের অগ্রভাগ, হাতল ও পেছনের অংশ সাদা রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। উদ্ধার করা শটগানের কার্তুজ দুটির গায়ে বিভিন্ন ইংরেজি অক্ষর ও নম্বর লেখা রয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft