
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দরগাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, পোশাকসহ ঘরের সব প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন ওই গ্রামের মনিরুল ইসলাম মনোর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে বসতঘরে থাকা দুটি স্বর্ণের চেইন, চারটি স্বর্ণের আংটি, একটি নেকলেস, দুই জোড়া কানের দুল, একটি ব্রেসলেট ও নগদ ২০ হাজার টাকা পুড়ে যায়। এ ছাড়া ঘরের আসবাবপত্র, চাল-ডাল, জামাকাপড়সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
হঠাৎ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। আগুনে সব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন অর রশিদ বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।”
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজকালের খবর/কাওছার আল হাবীব