লালমনিরহাটে ১৫লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে ডিলার নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম সিদ্দিক মিলন লিখিত বক্তব্যে বলেন, এনসিপি ছাত্র সংগঠন ছাত্রশক্তি'র লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব আব্দল্লাহিল কাফির মা মেমার্স আব্দুল্লা ট্রেডার্স এর প্রোপাইটার মোছা. জহুরা বেগমের কাছ থেকে ১৫লাখ টাকা ঘুষ নিয়ে তাকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
আর সার ডিলার নিয়োগ কার্যক্রম এমপি রোকন উদ্দিন বাবুল নিয়ন্ত্রণ করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোনায়েন সিদ্দিক মিলন বলেন, জহুরা বেগমকে অবৈধভাবে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তার সার সংরক্ষণের জন্য কোন গোডাউন নেই, নেই ব্যবসায়িক কোন অভিজ্ঞতা। এছাড়াও তিনি নিষিদ্ধঘোষিত স্থানীয় সাপ্টিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুম আহমেদের ছোট ভাই শামীম আহমেদের স্ত্রী। তার আরেক দেবর ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আরেক দেবর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১৫লাখ টাকা ঘুষ নিয়ে নিয়মবহির্ভূতভাবে আওয়ামী লীগ পরিবারে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে তদন্তপূর্বক এই অবৈধ সার ডিলার নিয়োগ দ্রুত বাতিল এবং প্রকৃত যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রাদানের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, সাপ্টিবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণত সম্পাদক সাজেদুর রহমান সবুজ, ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস