বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
লালমনিরহাটে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ০)
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১৫ লাখ টাকা ঘুষের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে নিয়োগ বাতিল ও যোগ্য ব্যক্তিকে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম সিদ্দিক মিলন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির লালমনিরহাট জেলা শাখার সদস্যসচিব আব্দুল্লাহিল কাফির মা মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. জহুরা বেগমকে ১৫ লাখ টাকা ঘুষের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগপ্রক্রিয়া লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল নিয়ন্ত্রণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি নেতা মোনায়েম সিদ্দিক মিলনের দাবি, জহুরা বেগমের সার সংরক্ষণের জন্য কোনো গুদাম নেই এবং সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতাও নেই। এ ছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত স্থানীয় সাপ্টিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুম আহমেদের ছোট ভাই শামীম আহমেদের স্ত্রী। তাঁর অন্য দুই দেবরের একজন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং অপরজন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত, কথিত অনিয়মের মাধ্যমে দেওয়া সার ডিলার নিয়োগ বাতিল এবং বিধি অনুযায়ী যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

এ সময় লালমনিরহাট জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, সাপ্টিবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান সিদ্দিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft