শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে নিহত ৫, শোকের ছায়া
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ০)
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহের একটি এলাকা থেকে আত্মীয় বাড়ি ঘুরে ইজিবাইকে করে রৌমারীতে ফিরছিলেন যাত্রীরা। ইজিবাইকটি রৌমারীর কর্তিমারী এলাকার শিবেরডাঙ্গী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্য যাত্রীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

নিহত একই পরিবারের তিনজন হলেন—রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (৩৩) এবং তাঁদের দুই শিশু সন্তান রিশাদ (১২) ও তুবা (৭)। নিহত অপরজন হলেন কর্তিমারী বাজার এলাকার শরিফা বেগম (৪২)। তবে নিহত ইজিবাইকচালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া দুর্ঘটনায় বৃষ্টি (২৫) নামের গুরুতর আহত এক তরুণীকে প্রথমে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী এবং রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আব্দুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই পরিবারের তিন সদস্যসহ একসঙ্গে পাঁচজনের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের আইনগত প্রক্রিয়া শুরু করেছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft