শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
ধ্বংসের মুখে অবকাঠামো ,চিলাহাটি-হলদিবাড়ী রুটে ট্রেন চালুর দাবি স্থানীয়দের
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৩)
১৯৪৭ সালে দেশভাগের পর ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে ১৯৬৫ সাল পর্যন্ত রেল যোগাযোগ চালু ছিল। পাক-ভারত যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া এই ঐতিহাসিক রুটে দীর্ঘ ৫৫ বছর পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর পুনরায় চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ চালু করা হয়। তবে নানান জটিলতায় বর্তমানে ট্রেন চলাচল বন্ধ থাকায় কোটি টাকার সরকারি অবকাঠামো ধ্বংসের মুখে পড়েছে এবং স্থবির হয়ে পড়েছে স্থানীয় সীমান্ত বাণিজ্য।

জানা গেছে, চিলাহাটি থেকে ভারতের সীমান্ত পর্যন্ত ৯ দশমিক ৩৬ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং রেল যোগাযোগ সচল রাখার লক্ষ্যে রেললাইন ও অবকাঠামো স্থাপনে মোটা অঙ্কের অর্থ ব্যয় করা হয়। তবে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রডগেজ রেললাইন ও ইয়ার্ডে মরিচা ধরতে শুরু করেছে। এ ছাড়া প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন আন্তর্জাতিক টার্মিনাল, কাস্টমস ও ইমিগ্রেশন ভবন এবং প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওভারব্রিজ ও সংযোগ সড়ক অযত্ন-অবহেলায় নষ্ট হতে বসেছে।

রেলপথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় চিলাহাটি রেলওয়ে স্টেশনের রাজস্ব আয়ও অর্ধেকে নেমে এসেছে। দুই বছরের ব্যবধানে মাসিক রাজস্ব আয় প্রায় ১ কোটি টাকা থেকে কমে ৪৫ থেকে ৫০ লাখ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, সীমান্ত বাণিজ্যের আশায় ব্যাংকঋণ নিয়ে হোটেল, পরিবহন ও সিঅ্যান্ডএফ ব্যবসায় বিনিয়োগ করা তরুণ উদ্যোক্তারা পড়েছেন চরম বিপাকে। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।

চিলাহাটি রেলওয়ে স্টেশনের মাস্টার রুহুল আমিন জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এ পথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে পুনরায় ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। যদিও নির্দিষ্ট কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি।

চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের সভাপতি আহসানুল কবির বসুনিয়া বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য প্রসারের স্বার্থে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে দ্রুত ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জেলা প্রশাসক হুমায়ূন কবীর জানান, রেলের অবকাঠামো রক্ষণাবেক্ষণ স্থানীয় প্রশাসনের দায়িত্ব হলেও বন্দর ও রেলপথ পুনরায় চালুর সিদ্ধান্ত পুরোপুরি সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক পদক্ষেপের ওপর নির্ভরশীল। তবে দুই দেশের সরকারেরই এই রুটে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft