শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
মাদক বিক্রির জেরে ব্যবসায়ীর বাড়ি গুঁড়িয়ে দিল জনতা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ২)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গার শান্তামুড়ার বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে জহির মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িটি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। এর ফলে এলাকার যুবসমাজ ও তরুণেরা দ্রুত মাদকাসক্ত হয়ে পড়ছিল এবং সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছিল।

খাটিঙ্গা গ্রামের বাসিন্দা মো. সরল খান অভিযোগ করে বলেন, “মাদক ব্যবসায়ী জহিরের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদক বিক্রির প্রতিবাদ করায় গত দুই দিন আগে জহির দা দিয়ে কুপিয়ে দুজনকে আহত করে, যার মধ্যে একজনের হাতে ১৫টি সেলাই লেগেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছিল না। বাধ্য হয়ে শুক্রবার সকালে শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।” ঘটনার পর থেকেই অভিযুক্ত জহির মিয়া আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, অভিযুক্ত জহিরের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে, যার মধ্যে ৬টি মাদক মামলা এবং ২টি মারামারির ঘটনায় দায়ের করা।

আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো এ ধরনের ঘটনা সমাজের জন্য অশনিসংকেত উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকলে জনগণ তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করতে পারেন। পাশাপাশি অভিযুক্ত জহিরের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়ে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে জানান তিনি।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft